Tuesday, August 5, 2025

ইচ্ছেকথার শূন্যতা

ইচ্ছেকথার শূন্যতা

আমার,

দুরন্ত স্বপ্নরা আজ বন্দী

ভাসতে পারে না বিশুদ্ধ

স্বপ্নের  নদীতে,


তাই কি?

মায়াবী  রাত পালিয়েছে

অন্য শহরে?

নক্ষত্রের বাড়ীতে হানা দিয়েছে  কেউ?

মহাজাগতিক ভবঘুরে আজ

কালপুরুষ, 

ধ্রুবতারা,

সোমতারা 'রা, 

শোনে না কোন ইচ্ছাকথা,


এদিকে এমন বর্ষাতেও

যমুনা,

কালিজিরা,

বেত্রাবতী,

সোমেশ্বরীর

বুকে পলির নিদারুণ  কষ্ট,

সেজন্য কি হয়না দেখা

নিগুঢ়  জোছনা, 

চুমকি বসানো

চাঁদের ঝিলমিল। 


হাওয়ারাও আজকাল

ঘরে ঢোকে না,

 উদাস 

আর 

বৈরাগ্য 

নিয়ে খেলা করে, 

দুর থেকে ডাকে শুধু

" আয়

           আ--য়

                   আ য়--য়"


 #সুধা রহমান

Monday, July 28, 2025

জলপিপি

জলপিপি


এটি

আমার নদী,

আমি__

ছুঁয়েছি এর জল,

ভেসেছি এর স্রোতে,

শুনেছি এর__

চুপকথা,

বেদনা,

বা,

স্বপ্ন গুলো।

আমি বসে বসে

মুখস্থ করেছি__

এ নদীর কল্লোল,

নীল জলের কাব্য,

তাই কি আমি

এ নদীর পাখি —

জলপিপি…? 


#সুধা রহমান 

Wednesday, July 16, 2025

অজানা গন্তব্য

অজানা গন্তব্য

 

অনেকগুলো দিন কেটেছে

আর কিছু রাত।

আজ অচেনা এক শহরতলীতে

অচেনা আমার জীবনযাপন।

তুমিও অচেনা,

যেন কখনো আমাদের দেখাই হয়নি।

এই ধুলোভরা রাজপথে

যখন লক্ষ মানুষের পথচলা—

হয়তো তোমারি খোঁজে আমি

অচেনা শহরের ফুটপাত ধরে

অজানা গন্তব্যে হেঁটে চলি...


#সুধা রহমান

Thursday, July 10, 2025

স্টেশনের শেষ ঘন্টা

স্টেশনের শেষ ঘন্টা

স্টেশন বললেই ---

রেল চলে যাবার পর

কেমন যেন শান্ত, স্থির। 

দু 'একটা রেল এলে

ব্যস্ততা, বাকি সময় 

অলস ষ্টেশন মাস্টার ঘুমে,

চা কাপে টুং টাং... 

আমার কেবলি মনে হয় 

ভুল করে নেমে পড়ি এমন ষ্টেশনে।

আর,

 আমার চুল থাকবে পনিটেইল , 

হাতে নীল সাদা কারুকাজ করা ব্রেসলেট,

সরু চেইনে লম্বা লকেট।

কারো মনে হবে

অপূর্ব এক যাত্রী -----

হাসিতে  আমার

 শঙ্খ ঝরে  যদি 

তবে শিখে নিবো 

তুকতাক যাদুবিদ্যা।

তাতে  ধরা পড়ুক

গোলাপী কভারে মোড়া

ছোট টপস পরা ভাঁজ খাওয়া 

আমার কানের কোন  রহস্য

 বা 

ফিসফাস কথামালা

তখন,

টোল পড়া গালে 

আলোড়িত  হবে কি 

আমার স্বপ্নগুলো, 

ভরে যাবে কি প্রিয়

 জারুল তলা 

বকুল তলা?

পৌরণিক মন্দিরে 

বেজে উঠবে কি ঘন্টা?

তারপর-----? 


#সুধা রহমান

Wednesday, July 9, 2025

স্মৃতির বোঝা

স্মৃতির বোঝা

আজ অলস্য বিকেলে বহুযুগ পর মনে হলো 

নিজের সাথে এই বৃষ্টিবিকেলে কম্বল মুড়িয়ে গল্প করলাম। 

কত কথার ঝাঁপি,কত মুখ,কত প্রিয়জনের গল্প হলো..

সাথে হলো পুরাণ লেখার সাথে বোঝাপড়া,

অনেক দিনের অযত্নে ওরাও কেমন ভুলতে বসেছে আমাকে। 

বসে বসে পুরানো লেখা পড়ছি,

অনেকটা ডাইরি পড়ার মত করে।

অনেক পাতাই মনে হয় অস্পষ্ট, 

অনেক মুখ মনে পড়ে না......

নকশা আঁকা ডাইরির ঠাসবুননে আমার পেন্সিলে লেখাগুলো 

কোথাও কোথাও কার্বন কালো। 

কষ্টের ছোপছোপ দাগের মত। 

পরিবর্তন, 

পরিস্থিতি,

অযত্ন, 

হেয়ালিপনায় আমার আঁলপনাময় ডাইরিগুলোও 

আজ মন খারাপ আর বিষন্ন।

বোধহয়,

ডাইবির উত্তরাধিকারকে ডাইরিগুলো দেবার সময় এসেছে...


#সুধা রহমান

ডানায় নীল স্বপ্ন


ডানায় নীল স্বপ্ন

একটি দোয়েল শিস দিয়ে 

গান গেয়ে গেল --

ঠিক গান নয় আনন্দগীত 

হয়তো ফিরেছে প্রিয়জন 

নবান্নের রোদে তারেই আয়োজন --

দোয়েলের ডানায় নীল স্বপ্ন 

পরিয়ায়ী পাখি আসায় আনন্দ,

তবে কি __

কবিতা হবে কাব্য?

কিংবা,

একান্ত ছুঁয়ে থাকার মুহূর্ত

অনেকটা__

কবিতায় কবিতায় 

কবি ও কবিতার মত,

তবুও কেন এমন 

শিশিরে গলে যায় আমার

 ওবেলার স্বপ্নরা ----


#সুধারহমান

Monday, July 7, 2025

সহস্র শতাব্দীর ডাক


 সহস্র শতাব্দীর ডাক

 

জলে ভেসে যাওয়া সে নাম,

 ফিরে আসে এই মেঘলা জানালায়।

আমি তোমাকে ভাবিনা, কোনদিন না।

আমি আমার অস্বিত্বে বাঁচি।

আমি তাই তোমাকে ভুলি না। 

রুপার কাঠি,  সোনার কাঠির অদলবদলে যেদিন 

তোমার ঘুম ভাঙ্গবে,

সেই কৃষ্ণচূড়ায় থোকা ফুল পাবে।

একটা ঘর পালানো বিকেল পাবে।

আর সোডিয়ামের আলোয় ধোঁয়া উঠা এক কাপ চা।

কতো এলোমেলো শব্দের হাতছানি,

তোমায় ডেকে চলেছে সহস্র শতাব্দী ধরে,

ঘাসফুল মাড়িয়ে তোমার সভ্যতার পথে যাত্রা।

তুমি তোমাকে চিনে নিও।

খোলা আকাশের চোখে চোখ রেখে,  

নিজের সঙ্গে বোঝাপড়া চলুক।

তুমি গ্লাডিওলাসের সেই ফুলের ডাল হাতে,

আনমনে দাঁড়িয়ো,

আমি ঠিক চিনে নিবো। 

তোমাকে, তোমার নিজস্ব ঘ্রাণে।


#সুধা রহমান 

ইচ্ছেকথার শূন্যতা

ইচ্ছেকথার শূন্যতা আমার, দুরন্ত স্বপ্নরা আজ বন্দী ভাসতে পারে না বিশুদ্ধ স্বপ্নের  নদীতে, তাই কি? মায়াবী  রাত পালিয়েছে অন্য শহরে? নক্ষত্রের বা...