Monday, June 30, 2025

নীলখাম


নীলখাম

একদিন,

তুমুল ইচ্ছার হাত ধরে

প্রতিসরনের সূত্র মেনে, 

পথে পথে 

ছড়িয়ে দেব

যাযাবরের খোলস ভাঙ্গা-

 বিবিধ ঠিকানা,

 ডাকটিকিট,

কিংবা, 

ভালোবাসার নীলখাম... 


#সুধা রহমান 

পথ

পথ 

স্মৃতির আঁচলে বিছানো পথরেখারা

মিলিয়ে যায়না,

সেখান থেকে শুরু হয়,

নতুন নতুন পথের ঠিকানা।

কোন কোন পথ বেঁকে যায়

কোনটি তীর্যক কোণে হেসে যায়..

কোনটি একটু অণুজ্বল,

কোনটি আরো জ্বলজ্বলে..

সেখানে, 

পথ দেখাবে নতুন আলো,

হাঁটবে সব পথ জোছনায়,

ভিজবে বর্ষায়,

আলোর ছটা ছড়িয়ে হেসে উঠে  সব পথ বলবে এই-

সবুজ পাতা,

সবুজ অরন্য

এই সর্ষে হলুদ রঙ

এই কমলা বিকেল

এই হাজারো কবিতা 

কেবল তোমার,

তো

মা

রি....


#সুধা রহমান 

প্রতীক্ষায়


প্রতীক্ষায়

চাঁদের মুখটা বেশ মায়ায় ভরা,

কিছুটা মায়া হয়তো ধার করেছে যাযাবর মেঘের

 কাছ থেকে...

চাঁদের এমন মায়াবী মুখ দেখে মনে হলো 

কারো প্রতীক্ষায়, 

এমন মায়া আঁচড় আঁকা...

হয়তো,

অনেক আগে চাঁদের বন্ধুত্ব হয়েছিল একটি 

তমালতরুর সাথে,

চাঁদ সেদিন হেসে বলেছিল -

আলো চাই না

আশ্রয় চাই না,

 চাইছি বন্ধুত্ব...

তমালতরু যেতে যেতে 

বলেছিল-

 সময় নেই, 

যেতে হবে,  

গল্পটা রখো,

তালুবন্দী করে রখো,

রোদ হোক, আর

 বৃষ্টি হোক

জোছনায় গল্পটা জিইয়ে রখো,

কোন একদিন মুখ খুলে দিলেই বেরুবে-

বকুল গন্ধ, 

সপ্তপদী সূর, 

সাদা পালক,

দিগন্তজোড়া পাখির ডানা,

জোছনাকাহন,

আর,

 ফিরতে না পারলে___

মেঘের জলে ভাসিয়ে দিও গল্পটাকে।

চাঁদটা হয়তো আজ তাই

মায়া ভরা চোখে__

 'প্রতীক্ষাতেই' 


#সুধা রহমান

Thursday, June 26, 2025

প্রতীক্ষিত দরজায়


প্রতীক্ষিত দরজায় 


কারো কারো তো-

আমার মতো কয়েনে নামাঙ্কিত 

করতে ইচ্ছে করে, 

তাতে কি-

কারো বেদনার আকাশে জমবে কয়েনের মত দুঃখ?

কিংবা,

কেউ কি সেইসব টুকটাক দুঃখ কয়েন কুয়াশার মত 

জমাবে বুকপকেটে?

তখন সহাস্যে হেসে উঠবে 

কিংবা

 'সে'

বিলাবে তার

নীল জোছনা,

চাঁদের একাদশী,

অনুভা হাসি,

আর, 

তার গালের টোলের রাজ্যে

অঙ্কিত হবে 

কোন গহন বোধ,

ভালবাসার ডুবসাঁতার,

দূরাগামী পাখির পালকের ন্যায় 

হাসির শুভ্রতায় জুটবে

আনন্দ,

বেদনা,

উৎসাহের অরোরা,

তখন এমন

রৌদ্রদগ্ধ দিন হবে

যুগপৎ স্নিগ্ধ,

মন্দিরের সোপানে পড়বে

যুগল ছাপ,

ছায়া সুনিবিড় পথে

সে হেঁটে যাবে অনেকটা পথ,

এমন ভাবনারা সত্য সত্যিই

একদিন মূর্ত রুপ ধারণ করবে,

আর 

'সে'

প্রতীক্ষিত দরজায় 

নাকফুল হাসি নিয়ে বলবে

দাঁড়িয়েই রাখবেন?


#সুধা রহমান   

Friday, June 20, 2025

ফেরারী বিকেল


ফেরারী বিকেল


আজো পুরাতন চিঠির ভাঁজে যেন সাজানো আছে--

সেই ব্যাথিত বকুল,

রংধনু রঙ,

কদম,

বরষার গন্ধ--

সলতে জ্বলা মন্দির,

আঁকিবুঁকি স্মৃতি

পত্রমিতালী বন্ধুত্ব, 

কিংবা----

কোন রাজবাড়ির গল্প

আবার লিখা হোক-

এমন চিঠি-

ফিরে আসুক সেইই

ডাকপিয়ন বিকেল।

সেইসব চিঠিতে

মিশে আছে আমার

নির্বাণ দিনের রংধনু বিকেল,

সেই পত্রালীর গন্ধ,

ডুবে থাকা বা  ফেলে আসা

রেশমী দিন আমার।  

সলতে জ্বলা সন্ধায় কেন

জানি বার বার ভাজ খুলে দেখি

সেই সব সলাজ্জ্ব স্মৃতির

মোহিনী অনুভূতি।

ইশ্

কোথায় সে গুলবাগিচার ঘ্রান?

আহ্ স্মৃতি... 

ন্যাপথেলিনের গন্ধ মাখা... 

সেই সব ফেরারী বিকেলের চিঠি...


#সুধা রহমান 

Wednesday, June 18, 2025

অচিন পাখি



অচিন পাখি


কে যাও?
ঝকঝকা এমন দুফুরে বুকে ছুরি দিয়া ! 
বনের পাখিরে ধরো মানাইতে মনের মতন,
সেকি আর ভুলতে পারে বনের গাছ লতা পাতা !
বুকের পিঞ্জরে পাখি ছুরি খাইয়া কেবল দাপায় ..
তবু সে বলে না কিছু ,
সিঁথানে বিষের শিশি 
পৈথানে শাড়ির আঁচল,
ফাঁস দিলেও পারতা ! 
বুকে ক্যান ছুরি দিলা শেয়ান পুরুষ ? 
আমারে মারলা,
লগে নিজেও মরলা...
এমনি ঘুঘু ডাকা দুফুর বেলায় উইড়া যায় অচিন পাখি, 
মুগ আর মসুরি পইড়া থাকে বিরান সংসারে ...
ঘরে পাখির মন বসে না,
কাঁচা বাসের আড়ায় পাখি ঠোঁট ঘষে না,
ছাড়ান দেও তারে উইরা যাক বনের ভিতর 
অতি ঘোড় গহীন ভিতরে ...
ঘাটে নাও বান্ধা... 
সুন্দরী কাঠের নাও ..
তবু দেহি যাও !! 
কে যাও ? 
কারে কই দুঃখ আমার...
এমন শুনশান দুফুরে ঝিঁ ঝিঁ গুলি কি কইতে কি কয় !
ভালো থাইকো গো সজিনার গাছ ...
খাঁচার গায়ে লাগলে বদ হাওয়া পাখি উড়াল দিবো 
একদিন শুকাইবো এই রক্তের দাগ ,,, 
মরন এমন তয় !!!
আচানক ঘুমের মতন!!!


#সুধা রহমান 

Monday, June 16, 2025

নীহারিকা

নীহারিকা

রোদ আছে

উত্তাপ নেই

বৃষ্টি নেই

আকাশজুড়ে সোনালীসূতোর

কাজ করা মেঘের আনাগোনা,

কিংবা---

রক্তিম স্বরনালীর একটা আকাশ। 

রোদের কারুকাজ খচিত এমন একটা আকাশের তাকিয়া 

হলেও বোধহয় ঢেড় চলে যায় আমার। 

না হয় ওমন আকাশের

এক প্রান্তে নীভু আলোয়

আমার হতে ইচ্ছে করে,

মরিচবাতি নীহারিকা... 


#সুধা রহমান 

নীলকন্ঠ পাখি

 নীলকন্ঠ পাখি

আমার জানালা দিয়ে --

জীবন দেখা যায়,

দেখা যায় ---

মহাকাল পার হওয়া কোন এক সময়,

যেখানে---

ঘন সবুজ ঘিরে রাখে চারপাশ,

অপার্থিব সংগীত ভেসে আসে বাতাসে..

তখন,

আমার জানালায় এসে বসে,

একটা নীলকন্ঠ পাখি..

শোনায় জীবনের ইতিকথা, 

অবিনশ্বর প্রেমের কাহিনী,

শুনতে শুনতে আমি যেন

চলে যাই,

জানালা গলিয়ে মহাকাল পরিক্রমায়...


#সুধা রহমান 

নদী

নদী

 নদী যেন আমার সেই

ছোট্ট মেয়ে...

নদী মানেই-

হাসির কলকল

নুপুরের ছলছল,

চপলা কবিতা,

আর্দ্র আকাশ,

পাহাড়ের সাথে যার

সখ্যতা

নদী মানেই যেন

মনের আয়না....


#সুধা রহমান 

বৃষ্টি

 

বৃষ্টি

আজ এখানে  হিমালয়ের

ঠান্ডা হাওয়া, তারপর---

 বৃষ্টি, শুধু একটি দ্বীপে  বৃষ্টি, 

 সে কি প্রবল বৃষ্টি?

" কবিতা, আর

কদম ভেজা বৃষ্টি,

রং চা বৃষ্টি,

ডানা ঝাপটানো বৃষ্টি,

হাঁটুজল বৃষ্টি,

কাক ভেজা বৃষ্টি,

পাড় ভাঙ্গা বৃষ্টি,

গাঙ ভাসা বৃষ্টি,

ডুবন্ত বৃষ্টি,

ডুবে যাওয়া বৃষ্টি

নাকি---

হারিয়ে যাওয়া বৃষ্টি???


#সুধা রহমান 

Saturday, June 14, 2025

মেঘের কাব্য

মেঘের কাব্য

আমি হাত বাড়ালেই__

আমার হাতের মুঠোয়

সারাটা আকাশ। 

করতলে মেঘের কাব্য।

হৃদয়ের অলিতে গলিতে

বুনো ফুলের ঘ্রাণ...


#সুধা রহমান 

 

প্রতীক্ষায়

প্রতীক্ষায় 

আজ আষাঢ়- 

বৃষ্টির প্রতীক্ষায় আমি

চাতক__ 

পাহাড়চূড়া,

সবুজ গাছ,

শঙ্খনদী, 

চাঁদের নবমী।

না হোক

ভিজিয়ে দেয়া,

ভাসিয়ে নেয়া,

উছলে উঠা,

কাঁপিয়ে দেয়া  ঝুমবৃষ্টি ।

তবুও,

গড়িয়ে নামুক দু' ফোঁটা জল

ঐ জল টলমল মেঘে থেকে,

ঝিরঝির করে ভিজিয়ে দিক

কোন একলা বন,

তিরতির করে  কেঁপে উঠুক

চোখের  পাতা,

ছুঁয়ে যাক অজানা দুঃখকথা,

ফুটুক------

প্রিয় 

কদম...



#সুধা রহমান 

Friday, June 13, 2025

নীরবতা


নীরবতা মানে গলায় আটকে থাকা কষ্ট, 
হঠাৎ তোমার বদলে যাওয়ার মানে খোঁজা।
নীরবতা মানে মনের ভিতর তোলপাড়,
চিরদিনের মতো তোমাকে হারাবার ভয়। 
নিরবতা মানে তোমার নির্লজ্জ মিথ্যাচার, 
আমার অভিমানী চোখের বৃষ্টি থামানোর বৃথা চেষ্টা। 
নিরবতা মানে বলা হয়না, 
তুমি এতো বদলে গেলে কিভাবে? 
নীরবতা মানে সম্মতি নয়, 
তোমার আমূল পরিবর্তনে আমি দিশেহারা।


#সুধা রহমান 

Tuesday, June 3, 2025

নীল জোছনা





নরোম চাঁদের আলোয়

উদ্ভাসিত আজ---

ঘর,

মাঠ,

প্রান্তর...

শিল্পির মত নীল আঁচড়ে

এঁকে গেছে কেউ__

এক,

একটি জোছনা ছবি

কিংবা,

কোন মহাজাগতিক রুপরেখা,

যেখানে_

নির্লিপ্ত পায়ে হেঁটে যায়

একজন,

সে ভিজে যায়..

হয়তো,

ভেজাতেও চায়,

তবে__

বর্ষায় নয়,

নীল জোছনায় --

অনেকদিন,

আগলে রাখা অনুভূতির নাগপাশ

থেকে বের হোক সে

ভিজে ভিজে গান গেয়ে যাক

তুমুল উচ্ছ্বাসে ----


#সুধা রহমান

ইচ্ছেকথার শূন্যতা

ইচ্ছেকথার শূন্যতা আমার, দুরন্ত স্বপ্নরা আজ বন্দী ভাসতে পারে না বিশুদ্ধ স্বপ্নের  নদীতে, তাই কি? মায়াবী  রাত পালিয়েছে অন্য শহরে? নক্ষত্রের বা...